গাজীপুর, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার একটি গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে।
জয়দেবপুর থানার পূবাইল ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল করিম বলেন, রোববার রাত ২টার দিকে সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি। তবে দুজনেরই বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে জানিয়েছেন উপপরিদর্শক করিম।
তিনি বলেন, ১০-১২ জন ডাকাত হায়দরাবাদ গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রোববার রাত ২টার দিকে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এতে দুইজন খালের পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং অন্যরা গুলি করতে করতে পালিয়ে যায়।
“এলাকাবাসী ওই দুইজনকে ধরে পিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
নিহত দুজনের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান উপপরিদর্শক করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩২৫ ঘ.
bdnews24