২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরকে সিটি কর্পোরেশন করুন: এরশাদ

আগামী ১৭ জানুয়ারি ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

রংপুর/নীলফামারী, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৭ জানুয়ারি ঢাকা থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। নীলফামারির ডালিয়ায় এক অবকাশকেন্দ্রে দলের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় রোববার তিনি বলেন, আগামী ১৭ জানুয়ারি লং মার্চের আগের দিন ঢাকা থেকে ৮শ গাড়ির বহর নিয়ে তিস্তা ব্যারেজ অভিমুখে যাত্রা করবেন তিনি। রংপুরে রাত্রিযাপন করে ১৮ জানুয়ারি দুপুর ১২টায় রংপুর থেকে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজে লং মার্চ করবেন তিনি। “ভারত আন্তর্জাতিক আইন লংঘন করে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে আমাদের বঞ্চিত করছে” মন্তব্য করে সাবেক এ সামরিক শাসক বলেন, “তাই এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।” রংপুরকে সিটি কর্পোরেশন করুন’ রোববারই রংপুরকে সিটি কর্পোরেশন ঘোষণার পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের চেয়ারম্যান এরশাদ। রাতে রংপুর সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। রংপুর ৩ আসন থেকে নির্বাচিত এ সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ঘোষণা করেছেন রংপুরকে সিটি কর্পোরেশন করা হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হলেও তিন মাস ধরে তা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।” কুমিল্লাা সিটি করপোরেশনের নির্বাচন সম্পর্কে এরশাদ বলেন, “সেখানে নিরপেক্ষ ও কঠোরভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে নির্বাচন কমিশন। ওখানে নিরপেক্ষ নির্বাচন হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২১৯ ঘ.