নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব ও পুলিশ পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুটি দোকানে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গভীর রাতে কালিবাড়ি বাজারের ছয়জন নিরাপত্তা প্রহরীকে হাত-পা বেঁধে নগদ টাকাসহ ১১ লাখেরও বেশি টাকার মালামাল লুট করে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে রোববার সকালে উপজেলার পাঁচরুখি এলাকা থেকে বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
মরিয়ম স্পিনিং মিলের মালিক সুজন মিয়া সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে ৪৫/৫০ জন ডাকাত র্যাব ও পুলিশ পরিচয় দিয়ে বাজারের ৬ পাহারাদারকে ডেকে একত্রিত করে।
এরপর ডাকাতরা অস্ত্রের মুখে নৈশপ্রহরী আব্দুর রশিদ (৪০), মো. সাদু মিয়া (৪২), সুরুজ মিয়া (৩৮), আলী আজগর (৪০), মো. কুদ্দুছ (৪৫) ও মো. ইউসুফকে (৪৬) হাত-পা ও মুখ বেঁধে রাখে।
পরে মরিয়ম স্পিনিং মিলের শো-রুমের গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। সিন্দুক ও ৬টি ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ৯ লাখ ৬০ হাজার টাকা, ২০টি চেক, মূল্যবান দলিল ও কাগজপত্র নিয়ে যায়, বলেন সুজন মিয়া।
একই সময়ে ডাকাতরা বাজারের সুমন জুয়েলারির গেইট ভেঙ্গে ভেতরে ঢুকে শোকেস থেকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে রোববার সকালে উপজেলার পাঁচরুখি পূর্বপাড়া সেতুর নিচ থেকে দুইটি রাম দা, দুইটি ছোরা, দুইটি শাবল, একটি তালা কাটার যন্ত্র, একটি খুন্তি ও স্কচটেপ উদ্ধার করেছে পুলিশ।
এগুলো কোনো ডাকাত দল ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি সৈয়দ নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১২ ঘ.
bdnews24