নাটোর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তুকি দিয়ে আমদানি বন্ধ করে দেশি রসুনের দাম বাড়ানোর দাবিতে কয়েক হাজার চাষী মানববন্ধন করেছে।
রোববার সকাল ১১টা থেকে নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল সড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন হয়।
দেশের সর্বাধিক রসুন উৎপাদনকারী এই অঞ্চলের কয়েক হাজার চাষী মানববন্ধন শেষে স্থানীয় রাজ্জাকের মোড়ে সমাবেশ করে।
সমাবেশে কৃষক নেতা মোহাম্মদ আলী বলেন, “প্রতি মণ রসুন উৎপাদন করতে আমাদের খরচ হচ্ছে ৩ হাজার টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। এতে প্রতিমণ রসুনে লোকসান হচ্ছে প্রায় দুই হাজার টাকা।”
“আমাদের দাবি, ভর্তুকি দিয়ে রসুন না এনে আমাদের রসুন ন্যায্য মূল্যে কেনা হোক,” বলেন তিনি।
নাটোরের খুচরা বাজারে রোববার ২৬ থেকে ৩০ টাকা দরে প্রতি কেজি রসুন বেচাকেনা হতে দেখা যায়। এ হিসেবে প্রতি মণের দাম সাড়ে ৯শ থেকে ১১শ টাকা।
এছাড়া, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ- টিসিবি’র তথ্য অনুযায়ী, রোববার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি রসুনের দাম ছিলো ৩৫ থেকে ৫০ টাকা।
সমাবেশে জানানো হয়, এবার নাটোরে ১২ হাজার ৮২৮ হেক্টর জমিতে ৭৬ হাজার ৯৬৮ মেট্রিক টন রসুন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
আন্দোলনে বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটি, পিকেএসএস, মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ ১০টি বেসরকারি সংস্থা সহযোগিতা করেছে।
বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ডিএম আলম বলেন, “বর্তমান বাজার দরে এই এলাকার কৃষকদের মোট ক্ষতি হবে ৩৮৪ কোটি ৮৪ লাখ টাকা।”
তিনি আরো বলেন, এই পেশার সঙ্গে এলাকার প্রায় ৫ লাখ কৃষক জড়িত রয়েছেন। তাই অবিলম্বে সরকারের রসুনের ন্যায্য মূল্য নিশ্চিত করা উচিত।
নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা দেশের সর্বাধিক রসুন উৎপাদনকারী এলাকা। এই এলাকার প্রায় সব পরিবার কোনো না কোনোভাবে রসুন উৎপাদনের সঙ্গে জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০৬ ঘ.
bdnews24