রাজবাড়ি, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়াশার কারণে রাতে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া পথে ফেরি চলাচল সকালে পুনরায় শুরু হয়েছে।
রোববার ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের পাটুরিয়ার ঘাটের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে রাত ২টার দিকে খানজাহান আলী ফেরি মাঝনদীতে আটকে যায়। এরপর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এই সময়টাতে দৌলতদিয়া ঘাটে চারটি এবং পাটুরিয়া ঘাটে তিনটি ফেরি নোঙর করে ছিলো। তীব্র শীতের মধ্যে পারাপারের অপেক্ষায় থাকা বাসের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
সকাল ৯টায় ফেরি চলাচল শুরু হলেও দীর্ঘসময় বন্ধ থাকায় পাটুরিয়া, দৌলতদিয়া উভয় ঘাটেই যানজট রয়েছে।
শীতের এই মৌসুমে কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৩৫ ঘ.
bdnews24