সিলেট, ডিসেম্বর, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট রেল স্টেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্টেশনটিকে মাদক, অসামাজিক কার্যকলাপ ও অপরাধমুক্ত করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
শনিবার বিকালে এই স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এ নির্দেশ পালনের জন্য ১৫দিন সময় বেঁধে দেন।
মূল ফটকের সামনে অবৈধভাবে গড়ে তোলা চায়ের দোকান দেখে মন্ত্রী ক্ষুব্ধ হন। স্টেশনে ঢুকেই রেল, পুলিশ, র্যাব এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের ডাকেন।
স্টেশনের এই অবস্থার জন্য তিনি কর্মকর্তাদের তিরস্কার করেন।
মন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তার আসার আধঘণ্টা আগে বিকাল ঠিক ৩টায় (সময়মতো) ছেড়ে যায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন।
হঠাৎ নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীরাও কিছুটা বিস্মিত হন। কারণ সচরাচর এমনটি হয় না।
পরে মন্ত্রী স্টেশনে রেল কর্মকর্তা, মহানগর পুলিশ, জিআরপি পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে সুরঞ্জিত বলেন, সিলেট রেল স্টেশনে মাদক বিক্রি হয়, অসামাজিক কার্যকলাপ চলে প্রকাশ্যে। এমন অভিযোগের কারণে যাত্রীরাও এখন রেলে চড়তে চান না। রেলের জায়গা দখল করে নিয়েছে অবৈধ দখলদাররা। রেলের কলোনিতে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত আরো বলেন, রেল স্টেশনকে যাত্রীদের অভয়াশ্রম করতে হবে। যাত্রীরা পরিবারের সদস্যদের নিয়ে নির্ভয়ে ও স্বচ্ছন্দে যাতে রেলে ভ্রমণ করতে পারেন সে অবস্থা তৈরি করতে হবে।
রেলওয়ে স্টাফ কলোনি সংস্কারের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, রেল কর্মচারীরা যাতে উন্নত পরিবেশে কলোনিতে থাকতে পারেন সেজন্য কলোনি সংস্কার করা হবে। তবে কলোনিতে কোনো বহিরাগত থাকতে পারবে না। কলোনিতে মাদক বিক্রি ও সেবন হয় এমন অভিযোগ আর শুনতে চাই না।
স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদার উচ্ছেদে জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।
রেলের টিকেট কালোবাজারি প্রসঙ্গে মন্ত্রী বলেন, টিকেট শুধু যাত্রীদের কাছেই বিক্রি করতে হবে। যাত্রীদের সুবিধার জন্য নগরভবনে একটি কাউন্টার স্থাপন করা হবে বলেও তিনি জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম, রেলওয়ের স্টেশন ম্যানেজার সায়েদুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.
bdnews24