ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্যপ্রয়াত আব্দুর রাজ্জাক যে রাজনীতির পাশাপাশি ক্রীড়ানুরাগী ছিলেন, তা জানা গেলো তার সহপাঠি সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামানের কথায়।
আওয়ামী লীগের এই নেতাকে হারিয়ে শোকাহত তার দীর্ঘদিনের সহপাঠী ও রাজনৈতিক সঙ্গীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজ্জাকের সহপাঠি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজ্জাক ভালো ফুটবল ও কুস্তি খেলোয়াড় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক (এফএইচ) হল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গোলরক্ষক ছিলেন তিনি।
মোহামেডান স্পোটিং ক্লাবে সমর্থক রাজ্জাক সম্পর্কে বিলুপ্ত দৈনিক বাংলা’র ক্রীড়া সম্পাদক কামরুজ্জামান বলেন, “৬৯ এ হুলিয়া মাথায় রাজ্জাককে চাদর মুড়ি দিয়ে ঢাকা স্টেডিয়ামে মোহামেডানের খেলা দেখতে আমি দেখেছি।”
রাজ্জাকের প্রশংসা করে বিশ্ববিদ্যালয় জীবনের সহপাঠী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সস্পাদক আবদুল জলিল বলেন, “সাংগঠনিক ক্ষমতার কারণে সে বঙ্গবন্ধুর খুব কাছে পৌঁছাতে পেরেছিলো। বঙ্গবন্ধুর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থার জন্য তিনি একজন পরিপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দল ও দেশের মধ্যে পরিচিত লাভ করেছিলেন।”
রাজ্জাকের মৃত্যু সংবাদ জাতীয় পার্টি নেতা কাজী জাফর আহমেদ যখন পান, তখন তিনি সিডনি যাওয়ার পথে বিমানবন্দরে।
জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার দুঃখ লাগে মৃত্যুর সময়ে মনঃযন্ত্রণা নিয়ে চির বিদায় নিয়েছেন রাজ্জাক।”
তার মতে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজ্জাক একজন কিংবদন্তি ছিলেন। দলমত নির্বিশেষে সবার প্রিয় মানুষ ছিলেন তিনি।
রাজ্জাকের সহপাঠি হলেও রাজনৈতিক প্রতিপক্ষ দলেই অবস্থান ফরিদপুরের চৌধুরী কামাল ইবনে ইউসুফের।
বিএনপির এই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি কখনো সরকারি দল, কখনো বিরোধী দলে ছিলেন। তবে কোনো অনুরোধ নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তা করে দিতেন।”
চট্টগ্রামের বিজয় মেলা হলো শোকসভা
আব্দুর রাজ্জাকের মৃত্যু সংবাদ প্রচার হলে নগরীর আউটার স্টেডিয়ামে বিজয় মেলার আলোচনা সভা শোকসভায় পরিণত হয়। তাৎক্ষণিকভাবে এক মিনিট নিরবতাও পালন করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজ্জাকের প্রয়াণে বিজয় মঞ্চে করা হয় বিশেষ মোনাজাত। বাতিল করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ’ আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতাপূর্ব সব গণতান্ত্রিক আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সংগ্রামে নেতৃত্বদানকারীদের অন্যতম প্রধান নেতা রাজ্জাক।”
রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
রাজ্জাককে যুদ্ধদিনের নেতা অভিহিত করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলার মাটিতে যে দিন যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ হবে সে দিন আবদুর রাজ্জাকের আত্মা শান্তি পাবে, তার আগে নয়।”
জাসদের কার্যকরি সভাপতি মঈনুদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি ছিলেন গণমানুষের রাজনৈতিক নেতা। তার মত নেতা আর হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এসএম/এসআই/এমএইচপি/০১২৫ ঘ.
bdnews24