২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা বরাদ্দ বাড়াতে সুপারিশ

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষা খাতে ইউনেস্কো ঘোষিত আর্থিক বরাদ্দের সুপারিশ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 07:20 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষা খাতে ইউনেস্কো ঘোষিত আর্থিক বরাদ্দের সুপারিশ বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। শুক্রবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে তারা এ দাবি জানান। বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশন (ডব্লিউএফআইইউ) এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে শিক্ষক নেতারা বলেন, ক্ষুধা, দারিদ্র্য মুক্তি ও বৈষম্যহীন পৃথিবী গড়তে শিক্ষার মান নিশ্চিত করতে হবে। এজন্য মানসম্মত শিক্ষকের প্রয়োজন। ডব্লিউএফআইইউ এর সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত শেষ দিনের সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী। শেষ দিনের সেমিনারে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এসব প্রবন্ধের উপর আলোচনা করেন অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক রণজিত কুমার দে, অধ্যাপক অনিল ভট্টাচারিয়া। দুই দিনের সেমিনার শেষে বিশ্বমানবের জন্য শিক্ষা, অধিকার, অর্থসংস্থানসহ সুন্দর বিশ্ব গড়তে ২২ দফা দাবি ‘চিটাগাং ডিক্লারেশন’ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার সকালে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক এ সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/০১০৯ ঘ.