সাভার, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় লিফট ছিঁড়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন আরো দুই শ্রমিক।
শুক্রবার রাত ৭টার দিকে পুকুরপাড় এলাকার ‘কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটোডে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহর আলীর (৩০) বাড়ি মাগুরা সদর উপজেলায়।
আহতরা হলেন- মুরুব্বী ও সামছুল হক। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে উপস্থিত ওই কারখানার শ্রমিক রিয়াজুল ইসলাম জানান, লিফটে করে কারখানার তিনতলা থেকে নামার সময় হঠাৎ লিফটের তার ছিঁড়ে তারা সজোরে নিচে পড়ে যান।
এ সময় লিফটে থাকা তিনজন শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর শহর আলী মৃত বলে জানানো হয়।
আশুলিয়া থানার ওসি শেখ মো. বদরুল আলম জানান, “এখনো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০১৬ ঘ.
bdnews24