২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের অনশন

চাকরি সরকারি করার দাবিতে প্রতীকী অনশন করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারি করার দাবিতে প্রতীকী অনশন করেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় (রেজি) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) ও বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চারটি সংগঠনের সমন্বয়ে জাতীয় (রেজি) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ গঠিত। বিকাল ৫টা পর্যন্ত অনশন করার কথা থাকলেও সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ শিক্ষকদের পানি খাইয়ে অনশন ভাঙান। তিনি বলেন, শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করবেন। তার আশ্বাসে আধাঘণ্টা আগে শিক্ষকরা অনশন ভাঙেন। ঐক্য পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই দাবিতে শনিবার দুপুরে কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন তারা। এই শিক্ষকরা দাবি জানিয়ে এলেও তবে গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের বলেছেন, রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সরকারের ‘আপাতত’ কোনো উদ্যোগ নেই। একই দাবিতে গত বুধবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয় ঐক্য পরিষদ। এছাড়া বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেন তারা। শিক্ষকদের এসব কর্মসূচিতে সারাদেশের কয়েক হাজার শিক্ষক অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৭১৬ ঘ.