২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হত্যায় মামলা, অপরাধী এখনো অজানা

যশোরের বিএনপি নেতা নাজমুল ইসলাম অপহরণ ও হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় মামলা হলেও কারা অপরাধী, তা এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি ও যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক নাজমুলকে (৪৫) গত ১৪ ডিসেম্বর মোহাম্মদপুর থেকে অপহরণ করা হয়। তার লাশ পাওয়া যায় পরদিন সকালে গাজীপুরের দক্ষিণ সালনায়।

মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহরণের ঘটনায় করা সাধারণ ডায়রিটি বুধবার নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অপহরণ ও হত্যকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমরা ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি। দেখা যাক কী হয়।”

নাজমুলের স্ত্রী সাবিরা সুলতানা মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার গাজীপুর থেকে আসাদ নামে এক উপ-পরিদর্শক তাকে টেলিফোন করে খুনিদের গ্রেপ্তারের বিষয়ে আশ্বস্ত করেছেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, নাজমুলকে চোখে মলম দেওয়ার পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে বিএনপি বলছে, সরকার বিরোধী দলের এই নেতাকে হত্যা করিয়েছে।

নাজমুলের হত্যার প্রতিবাদে গত ১৭ ডিসেম্বর যশোরে সকাল-সন্ধ্যা হরতাল করে স্থানীয় বিএনপি।