ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গোড়ান এলাকায় ফেনসিডিলের শতাধিক বোতলসহ এক কৃষি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরো দুই মাদক বিক্রেতাকে।
খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গোড়ান ১০ নম্বর রোডের মাথায় একটি ট্র্যাভেল ব্যাগের ভেতরে থাকা ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কৃষি কর্মকর্তা হলেন- মাসুদ হাসান (৩৯)। তিনি, নোয়াখালীর হাতিয়া উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা। তিনি বর্তমানে গাজীপুরে প্রশিক্ষণরত।
গ্রেপ্তার অন্য দুজন হলেন- রিপন (৩৪) ও সাইজউদ্দিন (৩৪)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেনসিডিলের বোতলগুলো এক ব্যক্তি মেহেরপুর থেকে নিয়ে টঙ্গীর আব্দুল্লাহপুরে মাসুদ ও রিপনের কাছে হস্তান্তর করে।
“গোড়ান এলাকায় সাইজউদ্দিনের কাছে সেগুলো হস্তান্তর করতে যাচ্ছিলো তারা। রিকশা দিয়ে যাওয়ার সময় ১০ নম্বর রোডের মাথায় তাদের গ্রেপ্তার করা হয়,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/১৬২৫ ঘ.
bdnews24