২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ছাত্র হত্যা: ৬ আসামিকে পুলিশে দিল গ্রামবাসী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে ৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

সিলেট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে ৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। জালালাবাদ থানার ওসি সেলিম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুুপুরে বাদাঘাটের নলকূট গ্রামের বাসিন্দাদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠকের পর ছয় আসামিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরা হলেন- নীলগাঁও গ্রামের খুরশিদ আলীর ছেলে আব্দুস শহীদ (২২), সিকন্দর আলীর ছেলে আব্দুর রউফ (২৫), নলকোট গ্রামের মৃত কলমদর আলীর ছেলে শাহীন আহমেদ (২২), মাহমুদ আলীর ছেলে জামাল মিয়া (২৩), আনজম আলীর ছেলে লাল মিয়া (২২) ও ইদয় মিয়ার ছেলে সাইম আহমেদ (২৩)। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাদা ঘাট এলাকায় নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে অপহৃত হন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর। পরদিন সকালে বাদাঘাটের চ্যাঙ্গের খাল থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই নৌকার মাঝি গুলজারকে আটক করা হয়। পরে এ ঘটনায় ১০ জনকে আসামি করে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই ঘটনার পর থেকে প্রায় প্রতিদিনই পুলিশ আসামিদের খোঁজে বাদা ঘাট অভিযান চালানোয় স্থানীয় গ্রামবাসী বৃহস্পতিবার নলকোট রেজিস্টার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুপুর ১টার দিকে ছয় আসামিকে পুলিশের হাতে তুলে দেয় তারা। ওসি বলেন, “এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” গ্রামবাসীর সঙ্গে বৈঠকে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার এজাজ আহমদ, র‌্যাব-৯ এর উপপরিচালক ফজলে শাহীন হক, স্থানীয় কান্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন বলে ওসি জানান। এ মামলায় সন্দেহভাজন আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এরা হলেন সোহেল মিয়া, তারেক ও ছইফুল মিয়া। নৌকার মাঝি গুলজার আলীকে জিজ্ঞাসাবদের জন্য ১৯ ডিসেম্বর চার দিনের হেফাজতে নেয় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৩১ ঘ.