বাগেরহাট, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি ছাড়া চালু করা বাগেরহাট সদরের আটটি ইটভাটা বন্ধ করে দিয়েছ একটি ভ্রাম্যমাণ আদালত। পাঁচজনকে সাজাও দেওয়া হয়।
এছাড়া জব্দ করা হয় আড়াই হাজার মণের বেশি জ্বালানি কাঠ এবং প্রায় পঞ্চাশ হাজার ইট।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান পশ্চিমভাগ গ্রামে এই অভিযান চালান।
র্যাব-৬ এর একটি দল এবং পরিবেশ অধিদপ্তর প্রতিনিধিরা আদালতকে সহায়তা করেন।
দণ্ডিতদের মধ্যে ভাটামালিক দেলোয়ার শেখ (৩৫), হুমায়ুন কবির (২৫) ও মো. মোশারেফ হোসেনকে (৩৫) দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
আরেক ভাটা মালিকের কর্মচারী জব্বার শেখকে (৫৫) সাত দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মিজানুর রহমান মনির নামে এক ভাটা মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
আটক চারজনকে সন্ধ্যায় বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান।
বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান জানান, এসব ভাটার কোনো অনুমতি নেই। তাছাড়া তারা সেখানে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিলেন। ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের দণ্ড দেয়া হয়েছে।
তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে বলেও তিনি জানান।
ম্যাজিস্ট্রেট আরো বলেন, বাগেরহাট সদর, মোরেলগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে এ ধরনের তিন শতাধিক অবৈধ ইটভাটা আছে বলে তাদের কাছে সংবাদ রয়েছে। এরই ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩০০ ঘ.
bdnews24