ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরো ৬৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি।
কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সভার মধ্য দিয়েই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত এ কমিটির কাজ শেষ হবে।
তবে আগামী সভা কবে নাগাদ হবে- সে বিষয়ে কিছু জানাননি তিনি।
কামরুল ইসলাম বলেন, মঙ্গলবারের কমিটির ২৯তম সভায় ৬৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। ১৮৮টি মামলার বিষয়ে সুপারিশ না করার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সভায় বিবেচনার জন্য রাখা হয়েছে আরো ৬৪টি মামলা।
মঙ্গলবার যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে- তাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো রাজনীতিবিদ নেই বলে কমিটির সভাপতি জানান।
তিনি বলেন, কমিটিতে এ পর্যন্ত প্রায় ১১ হাজার মামলা এসেছে। এর মধ্যে ৭ হাজার ১০০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এসব মামলার ৩১৫টি দুর্নীতি দমন কমিশনের। নতুন করে আর কোনো মামলা কমিটি নিচ্ছে না।
মঙ্গলবার যাদের মামলা প্রত্যাহার করা হয়েছে- তাদের মধ্যে বিএনপির কোনো নেতা-কর্মী নেই বলে প্রতিমন্ত্রী জানান।
তিনি বলেন, “কমিটি শুধু মামলা প্রত্যাহারের সুপারিশ করে। তবে চূড়ান্তভাবে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে আদালত বা দুর্নীতি দমন কমিশন।”
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১৯১১ ঘ.
bdnews24