সিরাজগঞ্জ, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজাপ্রাপ্ত দুই আসামি পালিয়ে যাওয়ায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে আরো তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে এনায়েতপুর থেকে জেলা কারাগারে নিয়ে আসার পথে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত দুই আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, দায়িত্বে অবহেলার কারণে এনায়েতপুর থানার ওসি শেখ আব্দুর রাজ্জাককে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন- একই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শুকুর মাহমুদ, কনস্টেবল ফজলুল হক ও আব্দুল মান্নান।
ওসি জানান, সোমবার দুপুরে হাসান আলী, রঞ্জু শেখ ও রকি খানকে এনায়েতপুরের আজুগড়া মোড় থেকে হেরোইন ও গাঁজাসহ আটক করে পুলিশ। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত হাসান আলীকে দুই বছর, রঞ্জু ও রকিকে ছয়মাস করে কারাদণ্ড দেয়।
রাত সাড়ে ৮টার দিকে এএসআই শুকুর কনস্টেবল ফজলুল ও মান্নান আসামিদের নিয়ে একটি অটোটেম্পুতে করে সিরাজগঞ্জ জেলা কারাগারের দিকে রওনা হয়।
পথে হাতকড়া অবস্থায় তিন আসামি দৌড় দেয়। রঞ্জু একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলে তাকে ধরে ফেলে পুলিশ। কিন্তু হাসান ও রকি পালিয়ে যায় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৭ ঘ.
bdnews24