২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 07:55 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

গাজীপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুরের সামসুদ্দীন স্পিনিং মিল গেটের সামনে এ দুর্ঘটনা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন অ্যাম্বুলেন্সের চালক আজিজুল হক (৩৫) ও বাস চালকের সহকারী শফিকুর রহমান (২২)। কোনাবাড়ি মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার উলুখোলা এলাকা থেকে এক ব্যক্তির লাশ বহন করে গাইবান্ধা জেলার পাঠানডাঙ্গা গ্রামে যাচ্ছিলো অ্যাম্বুলেন্সটি। “সামসুদ্দিন স্পিনিং মিলের গেটের সামনে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী স্কাইলাইন পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।” আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সের যাত্রী এলিজা বেগমকে (৫০) মুমূর্ষু অবস্থায় টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সফিপুর জেনারেল হাসপাতাল, চন্দ্রমল্লিকা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। তবে বাস চালক পালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭০০ ঘ.