চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ১৯ টি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। চলছে না লোকাল বা দূরপাল্লার কোনো বাস।
মঙ্গলবার সকাল ৬ টা থেকে এ ধর্মঘট শুরু হয়। চট্টগ্রাম-কক্সবাজার (দক্ষিণাঞ্চল) সড়ক পরিবহন মালিক- শ্রমিক সমন্বয় কমিটি সোমবার রাতে সাত দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়।
ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং দক্ষিণ চট্টগ্রামের সাতটি উপজেলাসহ মোট ১৯ টি অভ্যন্তরীণ রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ আছে। ঢাকা-কক্সবাজার সরাসরি বাসও চলছে না।
ধর্মঘটের কারণে চট্টগ্রাম-কক্সবাজারের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পরেছেন পর্যটকেরা।
ঢাকার বনানীর বাসিন্দা মোহাম্মদ তৌহিদুর রাহমান জানান, কক্সবাজার যাওয়ার জন্য পরিবার নিয়ে এসে তিনি চট্টগ্রামে আটকে গেছেন। লোকাল বাসে কর্ণফুলী সেতু পর্যন্ত গিয়ে আর এগুতে পারছেন না।
সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কক্সবাজার বাস টার্মিনাল থেকে দূর পাল্লার গাড়ি সরিয়ে নেয়া এবং টার্মিনালের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
অন্যান্যা দাবিগুলোর মধ্যে আছে- কক্সবাজার টার্মিনাল স¤প্রসারণ ও আধুনিকায়ন, চট্টগ্রাম- পটিয়া রুটে সরকার নির্ধারিত ভাড়া আদায় নিশ্চিত করা, অনুমোদনহীন মহেন্দ্র-ভটভটি-টুকটুকি চলাচল বন্ধ করা, পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে কক্সবাজার ও চকরিয়া থানায় করা দুটি মামলা প্রত্যাহার ও চট্টগ্রাম- কক্সবাজার রুটে চলাচলকারী যানবাহনে রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা।
মুসা জানান, কক্সবাজার বাস টার্মিনালে আগে দূরপাল্লার বাস রাখা হত না। সরকারি সিদ্ধান্তের কারণে নিজস্ব কাউন্টার বাদ দিয়ে এখন দূরপাল্লার বাস টার্মিনালে ঠাঁই নিয়েছে। টার্মিনালে এত গাড়ি রাখার ব্যবস্থা নেই। এ কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী বাস টার্মিনালে রাখা সম্ভব হচ্ছে না।
“এ বিষয়ে ইতপূর্বে কক্সবাজার পৌর মেয়র, কক্সবাজারের এসপি ও জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকেও স্মারকলিপি দিয়েছি। কেউ সাড়া না দেয়ায় বাধ্য হয়ে ধর্মঘট আহ্বান করতে হয়েছে।”
সমন্বয় কমিটির ডাকা এ ধর্মঘটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নসহ মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠন সমর্থন জানিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগেও একাধিকবার বিভিন্ন দাবিতে সড়ক পরিবহন শ্রমিকরা অন্দোলন করলে প্রশাসন আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেয়। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয় নি।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় কমিটির সাথে কোনো ধরণের আলোচনার প্রস্তাব দেয়া হয়নি বলে জানান মো. মুসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১২৩৮ ঘ.
bdnews24