২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট: তদন্তকারী এক জনের আবেদনের শুনানি শেষ

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সাবেক তদন্ত কর্মকর্তা আব্দুর রশীদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলার সাবেক তদন্ত কর্মকর্তা আব্দুর রশীদের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। সোমবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ এজলাসে এই শুনানি হয়। রশীদের আবেদনের শুনানি শেষের পর বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২২ ডিসেম্বর অন্য দুই সাবেক তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ও মুন্সি আতিকুর রহমানের আবেদনের শুনানির দিন ঠিক করেছেন। গত ১৩ ডিসেম্বর সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিক ও রশীদের পক্ষে অব্যাহতির আবেদনের শুনানি শুরু হয়। এর আগে এই মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আবদুর রহিম, ডিজিএফআই’র সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক আইজিপি খোদা বখশ চৌধুরী, শহুদুল হক, আশরাফুল হুদাসহ অন্য আসামিদের অব্যাহতির আবেদনের শুনানি হয়। মামলার মোট ৫২ আসামির মধ্যে বর্তমানে ১৯ জন পলাতক। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হয় বহু নেতা-কর্মী। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা হলেও এর তদন্ত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ রয়েছে। কয়েক দফা তদন্ত কর্মকর্তা বদলের পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এরপর বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্তের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জনকে নতুন আসামি করে অভিযোগপত্র দেয়। গত ৯ অক্টোবর নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৭৫৬ ঘ.