রাজবাড়ী, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে মঙ্গলবার সকালে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডিব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুয়াশা কমে আসার পর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি চলাচল আবার শুরু হয়।
ঘন কুয়াশায় এগোতে না পেরে ফেরি হামিদুর রহমান, আমানত শাহ ও কুমারী সারা রাত আটকে থাকে মাঝ নদীতে। এছাড়া ফেরি শাহ পরান ও খান জাহান আলী দৌলতদিয়া ঘাটে এবং মতিউর রহমান, কেরামত আলী, শাহ আলী, শাহ জালাল যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে পাটুরিয়া ঘাটে। কনকনে শীতের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এদিকে ফেরি পারাপার বন্ধ থাকায় সকালে উভয় পাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে ঘাট কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০১২ ঘ.
bdnews24