২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর জেরায় সাঈদীও ‘ঘুমে’

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর সাক্ষীকে জেরার ধরনে সাঈদীসহ আদালতের অনেকেরই ঘুম চলে আসে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর সাক্ষীকে জেরার ধরনে সাঈদীসহ আদালতের অনেকেরই ঘুম চলে আসে রোববার। এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি একেএম জহির আহমেদ আইনজীবী মিজানুল ইসলামকে মূল পয়েন্টে আসতে বলেন। রোববার জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী মিজানুল ৬১ বছর বয়সী মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীনকে জেরা শুরু করেন। সাক্ষীকে জেরা শুরু করে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম এক দল মানুষের নামের তালিকা নিয়ে তাদেরকে চেনেন কি না এক এক করে সাক্ষীর কাছে তা জানতে চান। প্রথম এক ঘণ্টার জেরাতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত অনেকের মধ্যে ঘুম নামিয়ে আনতে সক্ষম হন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক ইনসপেক্টর প্রসিকিউশনের বসার আসনের দিকে বসে থাকা প্রথম সাক্ষীকে ঘুম থেকে ডেকে তোলেন। প্রসিকিউটরদের মধ্যে অনেকে, সাঈদীর আইনজীবীদের একটি বড় অংশ, পর্যবেক্ষকদের অনেকে এবং অনেক সাংবাদিক ঘুমিয়ে পড়েন। একাত্তরে খুন, ধর্ষণ, লুটতরাজসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে অভিযুক্ত সাঈদীও আদালত কক্ষে গভীর ঘুমে চলে যান। এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারপতি একেএম জহির আহমেদ তাকে মূল পয়েন্টে আসতে বললে আইনজীবী মিজানুল ইসলাম বলেন, তার আর মাত্র ১৫ থেকে ২০টি নাম আছে। এগুলো শেষ হলেই তিনি মূল পয়েন্টে আসবেন। জহির আহমেদ তাকে বলেন, “যেভাবে আপনি এগোচ্ছেন তাতে আপনি যে সময় নেবেন সে সময়ে পুরো পিরোজপুর ঘুরে আসতে পারবেন।” বিচারপতি বলেন, সাক্ষীকে জেরার ক্ষেত্রে যে কোনো ধরনের নামের তালিকা নিয়ে প্রশ্ন করতে পারেন না আসামিপক্ষের আইনজীবী। তারপর জেরার এক পর্যায়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক জেরাকারী আইনজীবীর উদ্দেশে বলেন, “এ বিষয়ে আপনার জেরার ক্ষেত্রে অবশ্যই একটা সীমা থাকতে হবে।” তার কিছুক্ষণ পর সাঈদীর আইনজীবী বলেন, সাক্ষী যাদের চেনে তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত এবং যাদেরকে সে চেনে না বলে দাবি করছে তারা সবাই জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। তারপর মিজানুল ইসলাম জেরার দায়িত্ব তার সহকর্মী মোহাম্মদ কফিল উদ্দিন চৌধুরীকে দেন। কফিল জেরা চালানোর মধ্যেই এদিনের মতো শুনানি মুলতবি করে ট্রাইব্যুনাল। এর আগে ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করে প্রসিকিউশন। আগামী ২৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানির দিন ঠিক করে ট্রাইব্যুনাল। সেদিন দলটির অন্য তিন শীর্ষ নেতা অর্থাৎ জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মোজাহিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার দিনও ঠিক করা হয়েছে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটকদের মধ্যে সাঈদীর বিরুদ্ধেই সর্বপ্রথম অভিযোগ গঠন হয়ে তার বিচার কাজ চলছে। যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। প্রসিকিউশন বিভাগ সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন হয়। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এ ছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/পিডি/২২৫৫ ঘ.