ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পর্যায়ে সার বিক্রির ক্ষেত্রে অনুমোদিত ডিলারদের জন্য দাম বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে খুুচরা বিক্রেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ দাবি জানানো হয়।
তাদের কাছে সার বিক্রির ক্ষেত্রে সরকারি ডিলারদের জন্য দাম নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি প্রতি জেলায় সার-বীজ মনিটরিং কমিটিতে তাদের একজন প্রতিনিধি রাখার দাবিও জানান খুচরা ব্যবসায়ীরা।
বিভিন্ন জেলা-উপজেলা থেকে সম্মেলনে যোগ দিতে আসা খুচরা সার বিক্রেতাদের বক্তব্য অনুযায়ী, প্রতি ইউনিয়নে একজন করে সরকারি ডিলার আছেন। তিনি বিসিআইসি ডিলার নামে পরিচিত। এসব ডিলার প্রতি বস্তা পটাস সাড়ে ছয়শ’ টাকায়, ইউরিয়া নয়শ’ টাকায় এবং টিএসপি সার এক হাজার টাকায় কেনেন। এই সারের অর্ধেক নিজেরা বিক্রির জন্য রেখে বাকি সার ওই ইউনিয়নের নয়জন খুচরা বিক্রেতার কাছে প্রতি বস্তা পটাস সাতশ’ ৩০ টাকা, ইউরিয়া নয়শ’ ৮০ টাকা এবং টিএসপি এক হাজার ৮০ টাকায় বিক্রি করে।
ব্রাক্ষণবাড়িয়া থেকে আসা খুচরা বিক্রেতা মো. আলমগীর হোসেন বলেন, সরকার প্রতি কেজি পটাস, ইউরিয়া এবং টিএসপি সারের সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য যথাক্রমে ১৫ টাকা, ২০ টাকা ও ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু সরকারি ডিলাররা কম দামে সার পেলেও আমাদের কাছে তাদের বিক্রির জন্য নির্ধারিত কোনো মূল্য নেই।
হবিগঞ্জ থেকে আসা খুচরা বিক্রেতা আবদুল্লাহ সরকার বলেন, সরকারি ডিলাররা সরকার নির্ধারিত দামে সার বিক্রি করতে পারলেও, বেশি দাম দিয়ে সার কেনায় আমরা ওই দামে সার বিক্রি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
চট্টগ্রাম থেকে আসা খুচরা বিক্রেতা ওবায়দুল বলেন, ডিলাররা আমাদের কাছ থেকে বেশি দাম নিয়ে অনেক সময় রশিদও দিতে চায় না। আবার প্রতি কেজি সারে আমরা এক টাকা বেশি নিলে তারা ধরে। আর কৃষকরাও আমাদের কাছে আসতে চায় না।
সম্মেলনে বলা হয়, তৃণমূল পর্যায়ে সারের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করার লক্ষ্যে ২০০৯ সালে সরকার প্রতি ইউনিয়নে একজন মূল ডিলার ও নয়জন করে খুচরা বিক্রেতা নিয়োগের সিদ্ধান্ত নেয়। এক্ষেত্রে মূল ডিলারকে দুই লাখ এবং খুচরা বিক্রেতাতে ৩০ হাজার টাকা জামানত রাখতে বলা হয়।
সম্মেলনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহ জিকরুল আহমেদ বিষয়টি আগামী ২৯ ডিসেম্বর সংসদীয় স্থায়ী কমিটির সভায় উত্থাপনের আশ্বাস দেন।
তিনি বলেন, “সার কারখানাগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে। তারাই ডিলার নিয়োগ দেয়। কৃষি মন্ত্রণালয়ের একটি শাখা এখানে জড়িত। এই কারণে এখানে একটা সমন্বয়হীনতা আছে।”
সম্মেলনের আহ্বায়ক শেখ ওবায়েদুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক, অ্যাডভোকেট এএম এনায়েত প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/পিডি/২২৪০ ঘ.
bdnews24