২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক আটকে বিএনপির দিনভর সমাবেশ

চট্টগ্রামে সড়ক বন্ধ করে দিনভর সমাবেশ করেছে বিএনপি। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর নুর আহম্মদ সড়কে অবস্থান নিয়ে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিএনপি’র নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সড়ক বন্ধ করে দিনভর সমাবেশ করেছে বিএনপি। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর নুর আহম্মদ সড়কে অবস্থান নিয়ে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিএনপি’র নেতা-কর্মীরা। এতে দলীয় কার্যালয়ের সামনের ওই সড়কের দুইদিকে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ‘বাংলাদেশ দেশ বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নগর বিএনপি’র বিবদমান সব পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এতে বিএনপিপন্থী পেশাজীবী নেতারাও উপস্থিত ছিলেন। সোমবার সকাল ৯টা থেকে এ কর্মসূচি আবার চলবে বলে সমাবেশে জানানো হয়। বিকাল ৫টায় সমাবেশ শেষে নেতাদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। দ্রব্যমূল্যের ঊর্ধগতি, গ্যাস-পানি-বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের ‘ব্যর্থতা’, শেয়ারবাজারে হাজার কোটি টাকা ‘লুটপাট’, সন্ত্রাস, গুপ্ত হত্যাসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি নেতারা দাবি করেন, গুপ্ত হত্যা, সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিয়ে সরকার রাষ্ট্রীয় কোষাগার শূন্য করেছে, নির্বিচারে গুপ্তহত্যার মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে পাতানো নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার পরিকল্পনা করছে। হামলা নির্যাতনে বিএনপিকে দমানো যাবে না বলে হুঁশিয়ার করেন তারা। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, উত্তর জেলার সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সম্পাদক গাজী শাজাহান জুয়েলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩৫ ঘ.