২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিথ্যা মামলা’ প্রত্যাহার দাবি খাতুনগঞ্জের ব্যবসায়ীদের

৩৮ ব্যবসায়ীর বিরুদ্ধে করা ‘সাজানো মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড এণ্ড ইণ্ডাস্ট্রিজ এসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৮ ব্যবসায়ীর বিরুদ্ধে করা ‘সাজানো মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে খাতুনগঞ্জ ট্রেড এণ্ড ইণ্ডাস্ট্রিজ এসোসিয়েশন। রোববার দুপুরে খাতুনগঞ্জের হক সুপার মার্কেটের সামনে সমাবেশ করে এ দাবি জানায় ব্যবসায়ীদের এ সংগঠন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে সহস্রাধিক ব্যবসায়ী অংশ নেন। এসময় দেশের অন্যতম বৃহৎ পাইকারী বাণিজ্যকেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসায়িক কার্যক্রম প্রায় বন্ধ থাকে। সমাবেশে ব্যবসায়ী নেতারা বৃহস্পতিবারের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন। এসোসিয়েশন সভাপতি মাহবুবুল আলম তালুকদার সমাবেশে বলেন, “ব্যবসায়ীরা আজ ধর্মঘট পালন করেনি। কিন্তু সবাই কাজ বন্ধ রেখে সমাবেশে যোগ দেওয়ায় এমনিতেই ধর্মঘট হয়ে গেছে।” চেক প্রতারণা সংক্রান্ত আইন সংশোধনের দাবি জানিয়ে তিনি বলেন, “ব্রিটিশ আমলের আইন দিয়ে বাংলাদেশের ব্যবসা চলে না। এ ধরণের অপরাধ অজামিনযোগ্য ও দ্রুত বিচার আইনের অর্ন্তভুক্ত করার দাবি জানান মাহবুবুল।” দুই ক্রেতার বিরুদ্ধে ব্যবসায়ীদের মামলার পাল্টা হিসেবে খাতুনগঞ্জের ৩৮ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা মামলা হয়। এই পটভূমিতে রোববারের সমাবেশ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের মাধ্যমে দেশে- বিদেশে খাতুনগঞ্জের সুনাম ক্ষুণœ করার ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি মামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহম্মদ সমাবেশে বলেন, “যারা প্রতারণা করেছেন তারাই উল্টো ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছেন। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা প্রতারণাকারীদের রেহাই দেবে না।” গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকটি দৈনিকে রোববার খাতুনগঞ্জে ছয় ঘণ্টার ধর্মঘটের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে এসোসিয়েশন নেতারা জানান এ ধরণের কোনো ঘোষণা দেওয়া হয়নি। সমাবেশে বক্তারা ডিও (ডেলিভারি অর্ডার) জালিয়াতি, অর্থ প্রতারণা, চেক জালিয়াতিসহ সব ধরণের ব্যবসায়িক প্রতারণায় করা মামলা সচল ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারকে অনুরোধ জানান। এ লক্ষে একটি মনিটরিং সেল গঠনেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। গত ২২ মার্চ বাকিতে গমের ডিও কিনে নির্ধারিত সময়ে বিক্রেতাদের পাওনা প্রায় ১৮৫ কোটি টাকা পরিশোধ না করে খাতুনগঞ্জের পাঁচ ব্যবসায়ী ভাই পালিয়ে যাওয়ার অভিযোগ আনেন সাধারণ ব্যবসায়ীরা। ওইদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মেসার্স হোসাইন অ্যাণ্ড ব্রাদার্সের পরিচালক মো. হারুন নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করেন। গত ১ নভেম্বর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, চৌধুরী অ্যাণ্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী দুই ভাই সাইফুল ইসলাম চৌধুরী ও সাইফুল আজম চৌধুরীর কাছে ব্যবসায়ীদের পাওনা ১৩৮ কোটি টাকা। এ সংকট নিরসনে গত এপ্রিলে চট্টগ্রামের শিল্প গ্র“প ‘এস আলম’-এর চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নেতৃত্বে সাত সদস্যের একটি সালিশ কমিটি গঠন করা হয়। কমিটির কাছে লিখিত অঙ্গীকারনামায় অভিযোগ স্বীকার করে পাওনা পরিশোধের অঙ্গীকার করেন অভিযুক্ত দুই ব্যবসায়ী। কমিটির অধীনে ছয় মাস ধরে সভা করেও কোনো সুরাহা না হওয়ায় ক্ষতিগ্রস্তরা গত মাসে দুই ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় ৫৮টি মামলা করেন। এসব মামলায় উল্লেখ করা হয় দুই ভাইয়ের কাছে ২৯ ব্যবসায়ীর মোট পাওনা ১৪৫ কোটি টাকা। এরপর গত ১৪ ডিসেম্বর দুই ভাইয়ের পক্ষে মো. হাবিবুল্লাহ চৌধুরী খাতুনগঞ্জের ৩৮ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে। রোববারের প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন এস আলম গ্র“পের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহিদুল আলম, নূরজাহান গ্র“পের পরিচালক জহির উদ্দিন রতন, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী, আবদুস সালম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ব্যবসায়ী নেতা ওমর আজম, আহমদ রশিদ আমু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৮৫৪ ঘ.