নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি।
রোববার বেলা সাড়ে ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
এখানে বক্তব্য দেন সংগঠনটির নেতা আবু আল ইউসুফ খান টিপু, দিলারা মাসুদ ময়না, মাহমুদ হোসেন, ইসমাইল মাস্টার প্রমুখ।
বক্তারা বলেন, এখন তেলের দাম বাড়লেও সিএনজি’র মূল্য বাড়েনি। তাই সিএনজি চালিত পরিবহনের ভাড়া বাড়ানো কোনো যৌক্তিকতা নেই।
এক লাফে তিন টাকা বাস ভাড়া বাড়ানো একেবারেই অযৌক্তিক উল্লেখ করে শিগগির বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানান তারা।
গত মঙ্গলবার থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বেসরকারি পরিবহনের নন এসি বাস ভাড়া ২৭ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা ও সরকারি পরিবহন বিআরটিসি’র (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) এসি বাসের ভাড়া ৩৪ টাকা থেকে বাড়িয়ে ৩৮ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24