গাজীপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারিতে গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রোববার সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট র্যাব, পুলিশ, প্রশাসন, সিভিল সার্জন, তাবলীগের মুরুব্বী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টঙ্গীর তুরাগ তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে তিন দিনের প্রথম দফা এবং ২০ জানুয়ারি থেকে তিন দিনের দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
সভায় জানানো হয়, এক সপ্তাহের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজতেমা এলাকার অবৈধ দোকান-পাট উচ্ছেদ, জয়দেবপুর-চৌরাস্তা ও টঙ্গী এলাকায় সড়কের পাশের দেওয়ালে পোস্টার, অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু হবে।
নিরাপত্তা, যাতায়াত, টেলিযোগাযোগ, বিদ্যুৎ-গ্যাস সরবরাহ, স্বাস্থ্য সেবা, রেস্তোরাঁয় খাবারের মান নিয়ন্ত্রণ ও মশা নিধনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
র্যাবের উপ-পরিচালক মো. নিশাাদুল ইসলাম খান জানান, নিরাপত্তার জন্য আকাশে হেলিকপ্টার, নদীতে টহলবোট, ৮টি পর্যবেক্ষণ টাওয়ারের ব্যবস্থা করা হবে। এছাড়া ইজতেমা ময়দানে র্যাবের সংখ্যাও গত বছরের চেয়ে বাড়ানো হবে।
ডেসার (টঙ্গী-পশ্চিম) ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ১১ জানুয়ারি ইজতেমা এলাকায় চারটি স্ট্যান্ডবাই জেনারেটর এবং পাঁচটি ট্রলি মাউন্টেড ট্রান্সফরমার সংরক্ষণ রাখা হবে।
৫ জানুয়ারির মধ্যে আন্ডার ফ্রিকুয়েন্সি রিলে অপসারণ করার কথা উল্লেখ করে তিনি আরো জানান, বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন পাঁচটি স্থানে অস্থায়ীভাবে স্থাপিত পাঁচটি বিদ্যুৎ ক্যাম্পে সার্বক্ষণিক বিদ্যুৎ কর্মীরা কর্মরত থাকবেন।
সভায় আরো জানানো হয়, নদী পারাপারের জন্য এবারও সেনাবাহিনী আটটি পন্টুন (ব্রিজ) স্থাপন করবে।
বিনামূল্যে স্বাস্থসেবা দিতে প্রয়োজনীয় সংখ্যক ক্যাম্প স্থাপন করা হবে এবং টঙ্গী সরকারি হাসপাতালের শয্যা, অ্যাম্বুলেন্স ও বিশেষজ্ঞ চিকিৎসক সংখ্যা বাড়ানোর কথা সভায় আলোচিত হয়।
ইজতেমা উপলক্ষে টঙ্গী ও স্টেশন রোড এলাকার ফুটওভার ব্রিজ সংস্কার ও ম্যানহোলের ঢাকনা স্থাপন করা হবে।
বিভিন্ন স্থান থেকে ইজতেমা স্থলে যাতায়াতের জন্য বিআরটিসির সাড়ে তিন শতাধিক বাসের বিশেষ সার্ভিসসহ থাকছে বিশেষ ট্রেন সার্ভিসও। বিমানবন্দর থেকে ইজতেমা মাঠে বিদেশি মুসল্লিদের যাতায়তের জন্য থাকছে বিআরটিসি বাস।
টেলিযোগাযোগের জন্য ৪০টি টেলিফোন লাইন সংযোগ দেওয়া হবে। বিদেশি মুসল্লিদের ক্যাম্পে গ্যাসের সংযোগ বাড়ানো হবে।
ইজতেমা মাঠের আশপাশের এলাকার খাবার দোকান ও খাবারের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ টিম মোতায়েন হবে।
মশা নিধন ও বিশুদ্ধ পানি সরবরাহসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।
আগামি ৭ জানুয়ারি সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের উপস্থিতিতে টঙ্গী পৌরসভা চত্বরে ইজতেমা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24