সিলেট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জৈন্তাপুর সীমান্তে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার ডিবির হাওর সীমান্তে ভারতীয় খাসিয়ারা তার ওপর গুলি চালায় বলে পুলিশ জানিয়েছে।
নিহত বাদশাহ মিয়া (২৫) স্থানীয় মুক্তাপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাদশাহ তার তিন বন্ধু সুমন মিয়া, রমজান আলী, নিপুল কুমারকে নিয়ে ডিবির হাওর এলাকায় বেড়াতে যায়। তখন ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে (ছররা) গুলি ছোড়ে।
বাদশাহর লাশ ভারত সীমান্তের ভেতরে রয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আযম জানান, লাশ উদ্ধার নিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৮ ঘ.
bdnews24