রংপুর, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈত্য প্রবাহের কারণে শীতজনিত বিভিন্ন রোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১২ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ওই হাসপাতালে গত পাঁচ দিনে ১৫ শিশু মারা গেল, যার অধিকাংশই সদ্যোজাত। জন্ম নেওয়ার পরপরই নিউমোনিয়াসহ শীতজনিত সমস্যায় তারা ভুগছিলো বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলাম সাত শিশুর মৃত্যুর কথা স্বীকার করে বলেন, এ জন্য শিশুদের ওয়ার্ডে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হয়েছে।
মারা যাওয়া শিশুরা হলো-গাইবান্ধা জেলার শান্তিরাম গ্রামে ১৫ দিনের ছেলে, মধ্যধনপাড়া গ্রামের ১ মাস বয়সী মেয়ে, নীলফামারী জেলার বাসুনিয়া গ্রামের ২০ দিনের ছেলে, রংপুর শহরতলীর ছিলমন গ্রামের ১৯ দিন বয়সী ছেলে, গঙ্গাচড়া উপজেলার ছোট রুপাই গ্রামের ১৮ দিনের ছেলে, কাউনিয়ার ২৫ দিনের মেয়ে ও একই এলাকার ১৭ দিনের মেয়ে।
মৃত শিশুদের বেশির ভাগই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। প্রয়োজনীয় শীতবস্ত্র আর মায়েদের অসচেতনার কারণেই শিশুরা মারা গেছে বলে ডা. তৌফিকুল জানিয়েছেন।
তবে শিশুদের অভিভাবকরা অভিযোগ করেছেন হাসপাতালে শিশু ওয়ার্ডে নিউমোনিয়া আক্রান্ত নবজাতকদের শরীর উষ্ণ রাখার জন্য ইনকিউবেটর মেশিন সব অচল থাকায় শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।
রংপুর শহরতলীর রাজেন্দ্রপুর গ্রামের আব্দুস সালাম, গঙ্গাচড়া উপজেলার মুটুকপুর গ্রামের আলেয়া বেগম জানান, তাদের বাচ্চারা অসুস্থ অবস্থায় ভর্তি হবার পর তাদের ইনকিউবেটর মেশিন দেওয়া হয়নি। তারা বাজার থেকে রুম হিটার মেশিন কিনে এনে শিশুদের শরীর উষ্ণ করার ব্যবস্থা করছেন।
অভিযোগ স্বীকার করে পরিচালক ডা. তৌফিকুল ইসলাম জানান, মেশিনগুলোকে সচল করতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।
শিশুদের শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র পরিধান, পায়ে মোজা ব্যবহারের পরামর্শ দিয়েছেন হাসপাতালের শিশু রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এসএম মোস্তাকিন আহাম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৩৭ ঘ.
bdnews24