২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জাপার ২ মেয়র প্রার্থীর নাম ঘোষণা

ঢাকা দক্ষিণে লড়বেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ এবং উত্তরে প্রার্থী হবেন ঢাকা মহানগরের (উত্তর) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বাবুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 07:04 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় দুই সিটি কর্পোরেশনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়বেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ এবং উত্তরে প্রার্থী হবেন ঢাকা মহানগরের (উত্তর) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন বাবুল। রোববার দলের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর বৈঠকে এ ঘোষণা দেন তিনি। বৈঠকের প্রাথমিক পর্বে সাংবাদিকরাও ছিলেন। একইসঙ্গে কুমিল্লায় জাতীয় পার্টির মেয়রপ্রার্থী হিসেবে এয়ার আহমেদ সেলিমের নামও জানান এরশাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ হবে। তবে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটের দিনক্ষণ এখনো ঠিক না হলেও আগেভাগেই মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করলো ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টি। ডিসিসি নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করে এরশাদ বলেন, “এই নির্বাচনে অংশ নিয়ে আমরা প্রমাণ করবো, আমাদের সামর্থ্য আছে, সংগঠন আছে এবং যে কোনো নির্বাচনের জন্যই আমরা প্রস্তুত।” আগামীতে জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নেবে জানিয়ে সাবেক এ সামরিক শাসক বলেন, “নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প নেই। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।” আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও আগামী জাতীয় নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন এরশাদ। প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে তারা অংশ নেবে না। এরশাদের এককভাবে নির্বাচন জাতীয় পার্টিকে ‘গৃহপালিত’ বিরোধী দল বানানোর প্রয়াস বলে বিএনপির নেতাদের দাবি। তিস্তা লং মার্চ তিস্তা নদীর পানির ‘নায্য হিস্যা’ আদায়ের দাবিতে আগামী জানুয়ারি মাসের শেষের দিকে তিস্তা অভিমুখে লং মার্চ করবে জাতীয় পার্টি। টিপাইমুখ লং মার্চ সফল হয়েছে দাবি করে এরশাদ বলেন, “টিপাইমুখ বাঁধ দেশের মানুষের জন্য অশনি সঙ্কেত। এজন্য লং মার্চ করে মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছি। জানুয়ারির শেষের দিকে তিস্তা অভিমুখে লং মার্চ করবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৩৩৫ ঘ.