নরসিংদী, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার মীর দেলোয়ার হোসেন শরীফ ওরফে হাত কাটা শরীফ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম রিপুতি কুমার বিশ্বাসের আদালতে এই জবানবন্দি নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ ম-ল এ খবর জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিনও সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে গিয়ে জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন।
গত রোববার গোয়েন্দা পুলিশ নরসিংদী সদরের ঘোড়াদিয়া চকপাড়ার নিজ বাড়ি থেকে মীর দেলোয়ার হোসেন শরীফ ওরফে হাতকাটা শরীফকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে জার্মানির তৈরি একটি পয়েন্ট ৩২ বোরের রিভলবার ও ২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
একইদিন পুলিশ রাজধানীর খিলগাঁও এলাকার নন্দিপাড়া থেকে নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফ ও তার সহযোগী আওলাদ হোসেন রুবেল এবং গাজীপুরের চাপুলিয়া গ্রাম থেকে সারোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
গত ১ নভেম্বর মুখোশধারীদের গুলিতে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন নিহত হন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে লোকমানের ভাই কামরুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৯ ঘ.
bdnews24