রাঙামাটি, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে মোটরসাইকেল চালক হত্যার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালি উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় শনিবার দুপুর ১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
তবে মোটরসাইকেল চালক সাত্তার হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী এলাকার বাসিন্দা সাত্তার (২৭) মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার রাতে দীঘিনালা থেকে দুজন যাত্রী নিয়ে রাঙামাটির বাঘাইছড়ি যাওয়ার পর নিখোঁজ হন তিনি। পরদিন সকালে তার লাশ পাওয়া যায় বাঘাইছড়িতে।
সাত্তারকে পাহাড়িরা হত্যা করেছে সন্দেহে দীঘিনালায় বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে কবাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে চড়াও হয় বাঙালিরা। তাদের ইটের আঘাতে গুরুতর আহত হন কাংগরিমা ছড়ার বাসিন্দা চিগন মিলা চাকমা (৪৩)। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
এই পরিপ্রেক্ষিতে বুধবার বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭০২ ঘ.
bdnews24