ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকায় বাংলাদেশ নৌযান শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যালয় শনিবার ভোরে আগুনে পুড়ে গেছে।
দমকল বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
সিগারেটের আগুনে এ ঘটনা ঘটেছে বলে দমকল বাহিনী জানালেও নৌ-যান শ্রমিকলীগের সভাপতি মইনুল ইসলাম মঈন দাবি করেছেন, দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে।
তিনি বলেন, “সদরঘাটের ইজাদার ইকবালের সঙ্গে আমার বিরোধ রয়েছে। তিনিই এ ঘটনা ঘটিয়েছেন।”
আগুনের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দমকল বাহিনী জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৬১৯ ঘ.
bdnews24