ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমসের করা প্রতারণার মামলায় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের মালিক সুলতান মাহমুদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজারবাগ পুলিশ লাইনে বৃহস্পতিবার মধ্যরাতে বিজয়োৎসব শেষ হওয়ার পরপরই বাবুলকে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন শহীদবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানে গান গেয়েছিলেন জেমস।
প্রতারণার অভিযোগ এনে বাবুলের বিরুদ্ধে বংশাল থানায় জেমস গত বুধবার মামলাটি করেন বলে ওই থানার উপপরিদর্শক আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জেমস অভিযোগ করেছেন, ১৯৯৭ সালে বের হওয়া ‘দুখিনী দুঃখ করো না’ অ্যালবামের স্বত্বাধিকার দুই পক্ষের লিখিত চুক্তির মাধ্যমে সাউন্ডটেক পায়। প্রতিবছর এটা নবায়ন হওয়ার কথা।
মামলায় জেমস অভিযোগ করেছেন, সাউন্ডটেক তার স্বাক্ষর জাল করে নবায়নের মাধ্যমে এই অ্যালবাম প্রকাশ ও বিক্রি করে আসছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
গ্রেপ্তার বাবুল চুক্তি নবায়ন না করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে এসআই খায়ের জানান। তবে স্বাক্ষর জালের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সাউন্ডটেক দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান। ‘দুখিনী দুঃখ করো না’- জেমসের এই অ্যালবামটি দেশে তরুণ-তরুণীদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিলো।
নগরবাউল ব্যান্ডের কর্ণধার জেমস দেশের গণ্ডি ছাড়িয়ে বলিউডেও পা রেখেছেন এবং সাফল্য পেয়েছেন সেখানেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24