কুড়িগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীদের রবার বুলেটে দুই যুবক আহত হয়েছে। এদের এক জনকে তুলে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
চর গোড়ক মণ্ডল সীমান্তে বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
ফিরে আসা যুবক মোহর উদ্দিনের (২৩) বক্তব্য অনুযায়ী, তার সঙ্গী আনোয়ার হোসেনকে (২২) বিএসএফ সদস্যরা সীমান্তের ওপারে নিয়ে গেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম ৪৫ ব্যাটালিয়নের শিমুলবাড়ী বিজিবির কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সাড়া দেয়নি।
স্থানীয়রা জানায়, ১৫/২০ জন গরু ব্যবসায়ী বৃহস্পতিবার রাতে ভারতের দরিবস সীমান্তে যায়। গরু নিয়ে ফেরার সময় তারা বিএসএফের গিদালদা ক্যাম্পের সামনে পড়ে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে অতর্কিত রবার বুলেট ছোড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২০ ঘ.
bdnews24