২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম নিলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর পূর্তিতে জাতীয় প্যারেড ময়দানে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে শেরে বাংলানগরে প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য এই কুচাওয়াজে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের। বাংলাদেশ টেলিভিশন জাতীয় প্যারেড ময়দান থেকে এ অনুষ্ঠান সরাসরি স¤প্রচার করে। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছর বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করলেও স্বাস্থ্যগত কারণে এবার আসেননি। তার বদলে প্রধানমন্ত্রী এবার কুচকাওয়াজ পরিদর্শন করবেন- তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ভোরে পুরাতন বিমানবন্দরের প্যারেড ময়দানে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্যারেড ময়দানের অনুষ্ঠানে যোগ দেন সোয়া ৯টার দিকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা সুসজ্জিতভাবে এই কুচকাওয়াজে অংশ নেয়। প্রধানমন্ত্রী সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন। এ সময় অভিবাদন মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। এছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিব, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন মিশনের প্রধানরা এবং বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর অংশগ্রহণে প্রধানমন্ত্রীকে ‘ফ্লাইং সেলুট’ দেয় যুদ্ধ বিমান ‘মিগ-২৯’। এরপর সম্মিলিত বাদক দলের সালাম প্রদানের মধ্য দিয়ে কুচকাওয়াজ শেষ হয়। কুচকাওয়াজে অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো বিমান বাহিনীর ফ্লাইপাস্ট, উড়ন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে অবতরণ, প্যারাস্যুট জাম্প ও বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত প্রদর্শনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৪১০ ঘ.