৯ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌ চলাচল আবার চালু হয়েছে।
মাদারীপুর, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি রুটে নৌ চলাচল আবার চালু হয়েছে।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের নির্বাহী সহকারী আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১০টা পর ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়ার উন্নতি হলে সকাল ৭টার দিকে চলাচল আবার শুরু হয়।
এই পরিস্থিতিতে ফেরি রানিক্ষেত, রানীগঞ্জ, রামশ্রী, ফরিদপুর, ভাষা শহীদ বরকত যানবাহন নিয়ে কাওড়াকান্দি ঘাটে আটকা পড়ে। এছাড়া কাকলী, কপোতীসহ পাঁচটি ফেরি আটকে থাকে মাঝ নদীতে।
ফেরি বন্ধ থাকায় ভোরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফেরি ও বাসে অবস্থানরত যাত্রীরা প্রচণ্ড শিতের মধ্যে ভোগান্তিতে পড়েন।
শুক্রবার সকালে ফেরি চালুর পর আবার যান চলাচল স্বাভাবিক হয় বলে আবদুল মজিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২১০ ঘ.
