ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ আদালতে প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুল আলম হাওলাদারকে জেরা শেষ করেছে জামায়াতে ইসলামী নেতার আইনজীবীরা।
টানা পাঁচ দিন জেরার পর বৃহস্পতিবার বিকাল ৪টায় ট্রাইব্যুনালের এক নম্বর সাক্ষীকে জেরা শেষ হলো। এরপর আগামী ১৮ ডিসেম্বর দুই নম্বর সাক্ষী রুহুল আমীন নবীনকে জেরার জন্য দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাঈদীর আইনজীবীদের জেরার জবাবে মাহবুবুল আলম বলেছেন, তার ও চিত্তরঞ্জনের বাড়ি লুট এবং বিশাবালীকে গুলি করে হত্যার ঘটনায় সাঈদী জড়িত। তবে বাড়ি লুটপাটের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান।
এদিকে ট্রাইব্যুনালে সাক্ষীকে কী প্রশ্ন করা যাবে, কী করা যাবে না- তা নিয়ে বিচারক ও আইনজীবীদের মধ্যে দু’দফা প্রায় দীর্ঘক্ষণ আইনি বিতর্ক হয়েছে।
২০০৯ সালের ২৬ এপ্রিল পিরোজপুরের জিয়ানগর থানায় সাঈদীর বিরুদ্ধে মাহবুবুল আলম হাওলাদার মামলা করেন। ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে গতবছর পৃথক একটি অভিযোগও দাখিল করেন তিনি।
উভয় অভিযোগের বক্তব্য এক কি না, তা নিয়ে সাঈদীর আইনজীবীরা সাক্ষীর বক্তব্য জানতে চাইলে বিতর্ক শুরু হয়।
পরে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় যে, এ ট্রাইব্যুনালে যে অভিযোগের ভিত্তিতে বিচার হচ্ছে শুধুই সেটাই বিবেচনা করা হবে। এর আগে সাক্ষী কোথায় কী করেছেন, তা বিবেচনায় নেওয়া হবে না।
এক্ষেত্রে যুক্তি দেখানো হয়, এ বিচার চলছে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে। এখানে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না বলে অতীতের বিষয় আসবে না।
বৃহস্পতিবার জেরা শুরুর আগেই সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, “সাক্ষী বিএনপি আমলে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হয়েছে বলে যে বক্তব্য দিয়েছেন তা রেকর্ডে রাখার জন্য একটি আবেদন দিয়েছি। সে বিষয়ে কিছু বলতে চাই।”
জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেন, “আপনার আবেদন খারিজ করা হয়েছে।”
জেরায় মাহবুবুল আলম হাওলাদার বলেন, “এ মামলার সাক্ষী খলিলুর রহমান আমার বাড়ি এসে খবর দেয়, সাঈদীর নেতৃত্বে রাজাকাররা আমাকে ও আমার বাড়িতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের লোকদের ধরার জন্য তালিকা হয়েছে। তারা আমাদের ধরতে আসছে। এ খবর পেয়ে আমি সকলকে নিয়ে নিরাপদে চলে যাই।”
তবে সাঈদীর আইনজীবীরা বলেন, এ সাক্ষীর মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তদন্ত হচ্ছে। তার সনদ বাতিল হবে, এ ভয়ে স্থানীয় সংসদ সদস্য এম এ আলতাফ ও সরকারের অনুকম্পা পাওয়ার জন্য সাঈদীর বিরুদ্ধে তিনি ‘মিথ্যা’ মামলা করেছেন।
তবে সাঈদীর আইনজীবীদের এ বক্তব্য সত্য নয় বলে দাবি করেন মাহবুবুল আলম। তিনি ২০০৩ সালে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বা সভাপতি ছিলেন বলে সাঈদীর আইনজীবীদের বক্তব্যও সত্য নয় বলে জানান মাহবুবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২৩৪১ ঘ.
bdnews24