ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তি অবৈধ ঘোষণা করতে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার করা রিটের একটি অংশে হাই কোর্টের দেওয়া বিভক্ত আদেশ বিষয়ে তৃতীয় বেঞ্চের শুনানি আগামী ৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চে শুনানির পর রাষ্ট্র পক্ষের আবেদনে মুলতবির এই আদেশ হয়।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) দুই ভাগ করতে সংসদে গত ২৯ নভেম্বর বিল পাসের পরদিন খোকা রিট করেন। এতে আদালত রুল জারি করে। পাশাপাশি স্থিতাবস্থা জারির বিষয়ে বিভক্ত আদেশ দেয়।
এরপর বিধি অনুসারে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে তিনি হাসান ফয়েজ সিদ্দিকীর একক বেঞ্চে শুনানির জন্য পাঠান। বৃহস্পতিবার দুপুরের পর ওই বেঞ্চে শুনানি হয়।
বিভক্ত ডিসিসিতে অনির্বাচিত প্রতিনিধিদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা অন্য একটি রিট হাই কোর্টে বিবেচনাধীন রয়েছে। ৩ জানুয়ারি শীতকালীন ছুটি শেষে আদালত খোলার দুই সপ্তাহ পর এর শুনানি হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার আদালতে খোকার পক্ষে শুনানি করেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আখতার ইমাম। রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
শুনানির পর আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগে জারি করা গেজেটের ওপর স্থগিতাদেশ চেয়ে আজ (বৃহস্পতিবার) আদালতে সম্পূরক আবেদন জমা দিয়েছি।”
শুনানিতে ড. কামাল হোসেন বলেন, পাকিস্তান আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের উন্নয়ন নিয়ে বৈষম্য সৃষ্টি হয়। ঢাকা সিটি কর্পোরেশনেও একইভাবে উন্নয়নের লড়াই শুরু হয়ে যাবে। যে সরকারের প্রতি বেশি অনুগত থাকবে, সেই এলাকায় উন্নয়ন হবে বেশি।
“আদালতে যখন রুল ইস্যু করা হলো, তখন জ্যেষ্ঠ বিচারপতি স্থিতাবস্থা দিলো। তার মানে এটা বিচারাধীন বিষয়। তারা তিন বছর অপেক্ষা করতে পারলেন, আর তিন সপ্তাহ অপেক্ষা করতে পারলেন না। এটা কি সংবিধানের প্রতি শ্রদ্ধাবোধ? এটা একটা ছেলেমানুষী। আদালতের প্রতি চরম অশ্রদ্ধা।”
ইতিমধ্যে প্রশাসক নিয়োগ হয়ে গেছে, তাই এ বিষয়ে আদালত নির্দেশনা দিতে পারে কি না- আদালতের এ জিজ্ঞাসার জবাবে প্রবীণ এ আইনজীবী বলেন, “আপনাদের হাতকে বেঁধে দেওয়া হয়নি। তারা হাই কোর্টের আদেশকে অকার্যকর করার চেষ্টা করছে।”
পরে আখতার ইমাম বলেন, এটা একক বেঞ্চ হলেও আপনার ক্ষমতা হাই কোর্টের অন্য যে কোন দ্বৈত বেঞ্চের মতই। তাই আপনি বিষয়টি নিষ্পত্তি করে দিতে পারেন।
সবার শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, “এটা ছোট একটা বিষয়। এরপরও আজ শুনানির সময় শেষ। কথা বলতে গেলে অনেক কিছু চলে আসবে।”
এরপর তিনি শুনানি মুলতবির আবেদন করলে আদালত ৩ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করে।
বিরোধী দলসহ বিভিন্ন মহলের প্রবল আপত্তির মধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন (সংশোধন)-২০১১ গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে পাস হয়।
এর পরদিনই আদালতে যান নয় বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে আসা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
রিট আবেদনের শুনানি শেষে ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার সিদ্ধান্ত কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
পরে সরকার ৪ ডিসেম্বর ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণে দুই জন প্রশাসক নিয়োগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯০৬ ঘ.
bdnews24