২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি স্কুলেও ১ম শ্রেণীতে লটারি বাধ্যতামূলক

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতা রেখে নীতিমালা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতা রেখে নীতিমালা করেছে সরকার। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স শিক্ষাবর্ষে অন্তত পাঁচ কিংবা সর্বোচ্চ সাত বছর হতে পারবে। শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে বলা হয়, নিু মাধ্যমিক/মাধ্যমিক/মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ‘এন্ট্রি’ শ্রেণীতে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে সাধারণভাবে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রস্তুত করতে হবে বিদ্যালয়গুলোকে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণী পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে বলা হয়েছে পরিপত্রে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা নিতে হবে। গত ৮ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বাধ্যবাধকতা রেখে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা’ সংশোধন করে সরকার। ভর্তি ফরমের মূল্য ও ভর্তি ফি পরিপত্র অনুযায়ী, ভর্তির আবেদন ফরমের মূল্য বাবদ শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে। সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বল এলাকার জন্য সর্বোচ্চ পাঁচশ টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার, ঢাকা ব্যতিত অন্য মেট্রোপলিটন এলাকার জন্য তিন হাজার এবং ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে। ভর্তি ফরম এবং ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নীতিমালায় বলা হয়েছে। যে সব বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ‘এন্ট্রি’ ক্লাস শুরু সেসব বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয়ের ৫ম শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার বেসরকারি বিদ্যালয়ে ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে দুই শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং ছেলে-মেয়ে পাওয়া না গেলে ছেলে-মেয়ের ছেলে-মেয়েদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে বলে পরিপত্রে বলা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তির ক্ষেত্রে দুই শতাংশ কোটা সংরক্ষিত রাখতে হবে। সহোদর/যমজ ভাই/বোন থাকলে আসন শূন্য সাপেক্ষে তাদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম পরিচালনা করতো। এতে নানা ধরনের সমস্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯৪৯ ঘ.