ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু মুনাফা লাভের আশায় কাজ না করে গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ণ শিল্পের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠন রিহ্যাবের উদ্যোগে শুরু হওয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী মান্নান বলেন, “গৃহায়ন খাতে সরকারি নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেসরকারি উদ্যোক্তাদের কাজ করতে হবে। শুধু মুনাফা লাভের আশায় কাজ না করে বরং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি করে কাজ করলে তা সাধারণ মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে।”
গৃহায়ণ শিল্পের যে কোন একটি কোম্পানির ভুলের মাসুল অন্য কোম্পানিগুলোকেও বহন করতে হবে উল্লেখ করে আব্দুল মান্নান খান বলেন, এক্ষেত্রে কোন ক্রেতা যেন প্রতারণার স্বীকার না হন এ বিষয়ে রিহ্যাবকে লক্ষ রাখতে হবে।
ঢাকার আশপাশে সরকারের চারটি স্যাটেলাইট সিটি তৈরির পরিকল্পনায় বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আবাসন সঙ্কট নিরসনে রিহ্যাব সদস্যদের ঢাকা ছাড়া অন্যান্য শহরেও কাজ করার পরামর্শ দেন মান্নান।
প্রতিমন্ত্রী জানান, গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের যৌথ উদ্যোগে উত্তরা তৃতীয় পর্ব, পূর্বাচল আবাসিক প্রকল্প এবং ঝিলমিল আবাসিক প্রকল্পের ৩০ হাজার প্লট শিগগিরই ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মেলা ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে । ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মেলা বন্ধ থাকবে। ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা, ১৮ ডিসেম্বর দুপুর ১টা থেকে রাত ১০টা, ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
১৯৯১ সালে ১১টি সদস্য প্রতিষ্ঠান নিয়ে যাত্রা শুরু করা রিহ্যাবের বর্তমান সদস্য ১০৮১। ২০০১ সাল থেকে তারা প্রতিবছর এই মেলার আয়োজন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/১৮৩৯ ঘ.
bdnews24