রাঙামাটি, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি ও রাঙামাটিতে দু’জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে রাঙামাটি জেলায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে প্রশাসন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায় বুধবার এ আদেশ দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে পাহাড়ি-বাঙালি উত্তেজনার কারণে বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মাসুদ-উল-হাসান বলেন, “জেলার সার্বিক পরিস্থিতি কিছুটা নাজুক হয়ে পড়ায় এবং অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।”
এই সর্তকতাবস্থা দুই থেকে তিনদিন পর্যন্ত থাকতে পারে বলে পুলিশ সুপার জানান।
বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে বাঙালি মটর সাইকেল চালক আব্দুস সাত্তারের (২৭) লাশ উদ্ধার হয়। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী এলাকায়।
সাত্তারের মৃত্যুর খবর পেয়ে দীঘিনালায় বাঙালিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে কবাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাসে চড়াও হয় বাঙালিরা। ওখানে ইটের আঘাতে কাংগরিমা ছড়ার বাসিন্দা চিগন মিলা চাকমা (৪৩) আহত হন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ওই হামলায় জিপের যাত্রী বিজয় বিকাশ চাকমা (২৫), জীতেন চাকমা (৫১), তপন জ্যোতি চাকমাসহ (১৫) আরো কয়েকজন পাহাড়ি আহত হন।
আব্দুস সাত্তার মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। মঙ্গলবার রাতে দীঘিনালা থেকে দুজন যাত্রী নিয়ে তিনি রাঙামাটির বাঘাইছড়ি গিয়ে আর ফেরেননি। সকালে লাশ পাওয়া যায়।
সাত্তারকে পাহাড়িরা হত্যা করেছে বলে সন্দেহ বাঙালিদের। সাত্তারের লাশ উদ্ধারের পর পাহাড়ি-বাঙালি উত্তেজনায় বাঘাইছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে এই ঘটনায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা কমিটি আলাদা বিবৃতিতে ঘটনার জন্য একে অন্যকে দোষারোপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/০১১০ ঘ.
bdnews24