ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ট্রুথ কমিশনে ‘দায়মুক্তি’ পাওয়া ‘দুর্নীতিবাজ’ চার জনসহ সাত সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করেছে আইন মন্ত্রণলায়।
এদের তিন জন বহিষ্কৃত হয়েছে ভুয়া কাগজ দেখিয়ে চাকরি নেওয়ার কারণে।
বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সত্য ও জবাবদিহিতা কমিশনে জরিমানা দিয়ে দায়মুক্তি পাওয়া চার সাব-রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।”
এরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার মো. আজিজুর রহমান, সিলেট সদর উপজেলার খন্দকার হুমায়ুন কবীর, ঠাকুরগাঁও সদর উপজেলার দেওয়ান মোজাহার হোসেন ও গাজীপুরের টঙ্গী উপজেলার মো. শাহাদাৎ হোসেন ভূঞা।
১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই রাষ্ট্রপতির অধ্যাদেশে ‘সত্য ও জবাবদিহিতা কমিশন’ গঠন করা হয়। দুর্নীতির অপরাধে দুই বছরের কম মেয়াদে সাজা হতে পারে এমন ব্যক্তিদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত ওই কমিশন ‘ট্রুথ কমিশন’ নামে পরিচিতি পায়।
ওই সময় অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা অর্থিক জরিমানা দিয়ে কমিশনের মার্জনা লাভ করে।
তবে কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ২৫ অগাস্ট হাই কোর্টে একটি রিট আবেদন হয়। আবেদনের শুনানি শেষে সে বছর ১৩ নভেম্বর ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে হাই কোর্ট।
চলতি বছরের ১৬ মে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন খারিজ হওয়ার পর ট্রুথ কমিশনে দায়মুক্তি পাওয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ লাভ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভুয়া তিন কর্মচারী
মুজিব নগর সরকারের কর্মচারী না হয়েও এ পরিচয়ে চাকরি নেওয়ায় আরো তিন সাব-রেজিস্ট্রারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
এরা হলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার সুধীর কুমার সরকার, ফরিদপুরের আলফাডাঙ্গার মো. আব্দুর রাজ্জাক ও চট্টগ্রামের বোয়ালখালীর মাজেদা বেগম।
গত ৬ জুন একই অভিযোগে আরো ১০ জন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়।
আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এদেরকে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলার পাশাপাশি কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তারা তাদের পক্ষে গ্রহণযোগ্য কোনো যুক্তি প্রদর্শন করতে পারেননি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএইচ/পিডি/২১৪৯ ঘ.
bdnews24