নরসিংদী/ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দেশ উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জুঁইয়ের ডান হাতের কব্জি তার স্বামী কেটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৪ ডিসেম্বর সকালে ঢাকার ক্যান্টনম্যান্ট থানার জিয়া কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটলেও জুঁইয়ের পরিবার সাংবাদিকদের জানায় বুধবার দুপুরে।
এ অভিযোগে জুঁইয়ের স্বামী রফিকুল ইসলামকে (২৬) পুলিশ গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে।
ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জুঁই এখন নরসিংদী শহরের ভেলানগরের কোর্ট রোডে বাবার বাসায় আছেন।
পরিবারের অভিযোগ, প্রায় চার বছর আগে বিয়ের পরপরই জুঁইকে পড়াশোনা বন্ধ রাখার নির্দেশ দেয় দুবাই প্রবাসী স্বামী রফিকুল ইসলাম (২৬)। কিন্তু তা না করে পড়াশোনা চালিয়ে যাওয়ায় তার স্বামী হাতের কব্জি কেটে নেয়।
এই ঘটনায় গত ৫ ডিসেম্বর জুঁইয়ের বাবা ইউনুছ মিয়া (৫০) ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ক্যান্টনম্যান্ট থানার উপ-পরিদর্শক (এসআই) এ আর এম আল মামুন জানান, রফিকুল পুলিশ হেফাজতে জুঁইয়ের হাতের কব্জি কেটে নেওয়ার কথা স্বীকার করেছে।
পড়াশোনার বিষয়টি ছাড়াও এই ঘটনার পেছেনে আরো কিছু আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুঁইয়ের ডান হাতের কেটে নেওয়া চারটি আঙ্গুল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হবে।
বাবার নরসিংদী শহরের বাসায় জুঁই সাংবাদিকদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, প্রবাসী রফিকুল ঘটনার ৭/৮ দিন আগে তাকে ফোন করে জানায়, তার জন্য বিদেশ থেকে কিছু মূল্যবান জিনিসপত্র ঢাকায় বোনের বাসায় পাঠানো হয়েছে। তিনি যেন ওগুলো ঢাকায় গিয়ে নিয়ে আসেন।
এসব জিনিস নেওয়ার জন্য রফিকুলের বোন নাইমা বেগম ও স্বামী ল্যান্স কর্পোরাল শফিকুল ইসলামও কয়েকবার জুঁইকে তাগাদা দেন।
গত ১ ডিসেম্বর জুঁই শফিকুলের জিয়া কলোনির ১০৭/৫ নম্বরের বাসায় আসেন এবং সেখানে এসে জানতে পারেন আসলে স্বামী রফিকুল তার জন্য কোনো কিছু পাঠায়নি।
৪ ডিসেম্বর ভোরে রফিকুল হঠাৎ করেই ওই বাসায় এসে হাজির হয়।
জুঁই বলেন, “কিছুক্ষণ পরেই রফিকুল আমাকে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে উচ্চশব্দে টেলিভিশন চালিয়ে দেয়। তখন কৌশলে ওড়না দিয়ে সে আমার চোখ বেঁধে ফেলে এবং স্কচটেপ দিয়ে বাঁধে হাত-পা। তারপরই রফিকুল চাপাতি দিয়ে ডান হাতের পাঁচ আঙ্গুল কব্জি পর্যন্ত কেটে ফেলে।”
এই পর্যন্ত বলে জুঁই সাংবাদিকদের সামনে কাঁদতে থাকেন। এসময় তার পাশে বাবা-মা ছাড়াও তিন বোন ও এক ভাই উপস্থিত ছিলেন।
“হাতের কব্জি কাটার পর মাটিতে লুটিয়ে পড়লে রফিকুল বাম হাত কাটার জন্য টানাহ্যাঁচড়া করতে থাকে। এসময় আমি বাঁচার জন্য আশপাশের আসবাবপত্রে লাথি মারি আর গোঙাতে থাকি,” বলেন জুঁই।
এক পর্যায়ে বোন ও বোনের স্বামী দরজায় ধাক্কাতে থাকলে রফিকুল দরজা খুলে দেয়।
জুঁইকে প্রথমে ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা পঙ্গু হাসপাতালে।
পঙ্গু হাসপাতাল থেকেই পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে বলে জানান জুঁই।
জুঁইয়ের বাবা ইউনুছ মিয়া জানান, জুঁই হাসপাতালের এক চিকিৎসকের মোবাইল থেকে তাকে ঘটনাটি জানালে তিনি ঢাকা যান।
জুঁইয়ের মা মোছাম্মাৎ পারভীন বেগম জানান, লেখাপড়ার পাশাপাশি সে স্থানীয় মহিলা অধিদপ্তরে প্রশিক্ষণও নিচ্ছিলো। এখন জুঁই শুধু কান্নাকাটি করে বলে জানান তার মা।
তিনি জানান, ২০০৮ সালের ৩০ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের বাতেন মিয়ার ছেলে মো. রফিকুল ইসলামের সঙ্গে জুঁইয়ের বিয়ে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/সিএস/ডিডি/১৯৪২ ঘ.
bdnews24