২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগর আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, “জাতিকে মেধা শূন্য করতেই বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যার বিচার বাংলার মাটিতে হতেই হবে।” ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। বলা হয়, পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এ কাজটি করে, যার উদ্দেশ্য ছিলো স্বাধীনতার পর যেন বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত করা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মনজুর আলম। দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সন্ধ্যায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নগর বিএনপি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপ- উপাচার্য ড. আলাউদ্দিন। এসময় চবির বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলাউদ্দিন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ সফল করতে হলে নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গড়ায় ঐক্যবদ্ধ হতে হবে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থীরাও কালো ব্যাজ ধারণ করে এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শ্যামল কান্তি বিশ্বাস বলেন, যুদ্ধাপরাধীরা পার পেয়ে গেলে সমাজে বিশৃঙ্খলা নেমে আসবে। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম শাখা, যুব ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/১৯২৫ ঘ.