ভোলা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভোলার মনপুরা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষকালে ক্রসফায়ারে এক জেলে নিহত হয়েছেন। আহত হন এক পুলিশ সদস্য।
ঘটনাস্থল থেকে ২টি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও গুলিসহ ১০ জলদস্যুকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ২টার দিকে ভাসানচরের অদূরে সাগর মোহনায় এ সংঘর্ষে নিহত হন বিল্লালের বাড়ি মনপুরা উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে হাতাহত ও আটকদের নাম জানা যায়নি।
মনপুরার চর নিজাম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল জানান, জলদস্যু দমনে পুলিশর একটি দল সাগরে অভিযান চালায়। দুপুরে ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যুদের দেখতে পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে।
এক পর্যায়ে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে ক্রসফায়ারে এক জেলে নিহত হন।
এছাড়া পুলিশ সদস্য আহত হন বলেও তিনি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২টি কাটা রাইফেল, কিছু দেশিয় অস্ত্র, ২টি ট্রলার ও গুলি উদ্ধার এবং ১০ জলদস্যুকে আটক করা হয়।
মনপুরা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24