সিলেট, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সিলেটে মানববন্ধন হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বুধবার সিলেট শহীদ মিনারের সামনে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতা লুৎফুর রহমান লেবু, তোতা মিয়া, সোয়েব আহমদ, রফিকুল হক রফিক, কুটি মিয়া প্রমুখ।
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া চলা অবস্থায় সিলেটে এ কর্মসূচি পালিত হলো। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে।
জামায়াতের সাবেক আমির গোলাম আযম, দলটির বর্তমান নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, মো. কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগও ট্রাইব্যুনালে উপস্থাপন হয়েছে।
‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান’ মহানগর শাখার সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এ দেশ কলঙ্কমুক্ত হবে না। তাই অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৩ ঘ.
bdnews24