২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: রায় বৃহস্পতিবার

বসুন্ধরা টেলিকমিউনিকেশন্সের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যা মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার, বসুন্ধরার মালিকের ছেলে সাফিয়াত সোবহান সানবীর যার প্রধান আসামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 03:07 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা টেলিকমিউনিকেশন্সের পরিচালক হুমায়ুন কবীর সাব্বির হত্যা মামলার রায় ঘোষণা হবে বৃহস্পতিবার, বসুন্ধরার মালিকের ছেলে সাফিয়াত সোবহান সানবীর যার প্রধান আসামি। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন গত ৭ ডিসেম্বর রায় ঘোষণার জন্য এই দিন নির্ধারণ করেন। ২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাড়িতে খুন হন বসুন্ধরা টেলিকমিউনিকেশন্স নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক সাব্বির। এর তিন দিন পর নিহতের ভগ্নিপতি এএফএম আসিফ এই হত্যা মামলা দায়ের করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী সুপারিনটেনডেন্ট মো. আরমান আলী ২০০৮ সালের ১২ মে এ মামলায় অভিযোগপত্র দেন। এতে বলা হয়, গুলশানের ১০৪ নম্বর সড়কে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ৩/জি নম্বর বাসার ছাদ থেকে সাব্বিরকে ফেলে দেওয়া হয়। গত জানুয়ারিতে বসুন্ধরা গ্র“পের মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরসহ পাঁচ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সাব্বির খুন হওয়ার কিছুদিন পর সানবীর দেশ ছেড়ে পালিয়ে যান। তৎকালীন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তাকে দেশত্যাগে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হওয়ার পর বাবর জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে তিনি সানবীরকে খুনের মামলা থেকে বাঁচাতে বসুন্ধরা গ্র“পের মালিকের কাছ থেকে ২১ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। সাব্বির হত্যা মামলার অভিযুক্তরা সবাই বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা ও কর্মচারী। এদের মধ্যে সানবীর, নূরে আলম ও হুমায়ূন কবীর পুলিশের খাতায় পলাতক। গত ১০ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যুক্তি-তর্কের শুনানি শেষে ৭ ডিসেম্বর আদালত রায়ের জন্য ১৫ ডিসেম্বর দিন রাখে। এ মামলায় জামিনে থাকা আসামি খায়রুল হাসান উজ্জ্বল এবং শামসুদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/০৮৫০ ঘ.