চট্টগ্রাম, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের টেকনাফে ৬৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের স্টাফ অফিসার (অপারেশন) মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার ভোর ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার নয়াপাড়া খাল থেকে ইয়াবা বোঝাই প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মিয়ানমার থেকে নৌপথে এসব ইয়াবা দেশে আসে। নাফ নদী হয়ে টেকনাফের নয়াপাড়া খালের মধ্যে তিনটি মটর চালিত নৌকায় ইয়াবা নিয়ে অবস্থান করছিলো পাচারকারীরা।
“তারা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ভর্তি পানি নিরোধক প্লাস্টিকের ব্যাগটি খালে ফেলে পালিয়ে যায়।”
উদ্ধার করা প্রায় ৬৩ হাজার ইয়াবার দাম আনুমানিক ৩ কোটি ১৫ লাখ টাকা বলে দাবি করেন হাসান।
নৌকা তিনটি আটক করা গেলেও পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয় নি।
এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/আরএ/১৩৩২ ঘ.
bdnews24