ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী পিরোজপুরের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারকে জেরা অব্যাহত রেখেছে দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা।
বুধবার সকাল ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামির আইনজীবীরা মাহবুবকে চতুর্থ দিনের মতো জেরা শুরু করেন। এর আগেই সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মানবতাবিরোধী অপরাধের ২০টি সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে মাহবুবই প্রথম সাক্ষী। জেরাতে সাঈদীর আইনজীবীরা বারবারই সাক্ষী হিসেবে মুক্তিযোদ্ধা মাহবুবকে প্রশ্নবিদ্ধ করেছেন। তারা প্রশ্ন তুলেছেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও।
তার বিয়ে বিচ্ছেদের ঘটনা তুলে ধরে সাক্ষী হিসেবে মাহবুবের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে সাঈদীর আইনজীবীরা।
তবে ট্রাইব্যুনালের বিচারকরা ব্যক্তিগত এসব বিষয় আদালতে টেনে না আনতে আসামি পক্ষের আইনজীবীদের নিষেধ করেন।
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে সবার আগে সাঈদীর বিচার শুরু হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন সাবেক সংসদ সদস্য সাঈদীকে গ্রেপ্তার করা হয়। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
গত ৪ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে ৩১টি অভিযোগ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে থেকে ২০টি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে ৩ অক্টোবর অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২৩২ ঘ.
bdnews24