২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার এ মেয়াদেই: আশরাফ

বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধাপরাধের বিচার করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:05 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই যুদ্ধাপরাধের বিচার করার অঙ্গীকার জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “পুরো জাতির সঙ্গে আজ আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি। আজ থেকে ৪০ বছর আগে পাকিস্তানি হানাদার, রাজাকার আলবদরদের সহায়তায় এ জাতির ওপর হত্যাকাণ্ড চালিয়েছিল। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।” প্রধান বিরোধী দল বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ করে জাতিকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হয়েছে। এ বিচার শিগগিরই সম্পন্ন হবে ইনশাল্লাহ”, যোগ করেন আশরাফ। ১৯৭১ এ বাংলাদেশের বিজয়ের আগে রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদারদের সহায়তায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে হত্যা করে। ঢাকায় এই বুদ্ধিজীবীদের লাশ রায়েরবাজার ইটের ভাটার কাছে ফেলে রাখা হয়। সেই থেকে এলাকাটি ‘রায়েরবাজার বধ্যভূমি’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। বলা হয়, পরাজয় নিশ্চিত জেনেই পাকিস্তানি বাহিনী এ কাজটি করে, যার উদ্দেশ্য ছিলো স্বাধীনতার পর যেন বাংলাদেশের পুনর্গঠন বাধাগ্রস্ত করা। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুধবার সকালেই রায়েরবাজার স্মৃতিসৌধ ভরে উঠে ফুলে ফুলে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা বয়সী মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল সোয়া ৭টায় মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফুল দেওয়ার মধ্য দিয়ে এ স্মৃতিসৌধে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর ওয়েস্ট ধানমণ্ডি স্কুল অ্যান্ড হাইস্কুল, মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, বাংলাদেশ ইউনিভার্সিটি, মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নানাক, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়, আওয়ামী লীগের পক্ষে সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচর্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, শহীদ বুদ্ধিজীবী আইডিয়াল একাডেমি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রজন্ম একাত্তরসহ বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এলএইচ/জেকে/১০১৫ ঘ.